spot_img

বালুখালিতে মিলছে রোহিঙ্গাদের থাকার জায়গা

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ৫ সেপ্টেম্বর, ২০১৭ ।

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের থাকার ব্যবস্থা হচ্ছে থাকার সুযোগ পাচ্ছে কক্সবাজারের উখিয়ার বালুখালিতে। বালুখালির বন বিভাগের ৫০ একর জমিতে জেলা প্রশাসন তাদের থাকার ব্যবস্থা করছে বলে জানা গেছে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খালেদ মাহমুদ মঙ্গলবার সাংবাদিকদের বলেন, গতবছর অক্টোবরে রাখাইনে সহিংসতার পর রোহিঙ্গা অনুপ্রবেশ শুরু হলে উখিয়ার বালুখালিতে বনবিভাগের কাছে ওই জমি বরাদ্দ চাওয়া হয় মাস ছয়েক আগে।

“গত বছর আসা কয়েক হাজার রোহিঙ্গা ইতোমধ্যে সেখানে আছে। নতুন করে যারা আসছে, তাদেরও সেখানে আশ্রয়ের ব্যবস্থা করা হবে। নতুন আসা রোহিঙ্গাদের ছড়িয়ে ছিটিয়ে না থেকে ওই ক্যাম্পের আশেপাশে থাকতে বলা হয়েছে। সেখানে থাকলে কাউকে বাধা দেওয়া হবে না। অন্য কোথায়ও থাকলে তাদের উচ্ছেদ করা হবে।”

গত ২৪ অগাস্ট মিয়ানমারের রাখাইনে পুলিশ পোস্ট ও সেনাক্যাম্পে হামলার পর থেকেই বাংলাদেশ সীমান্তে রোহিঙ্গাদের এই ঢল চলছে। ইউএনএইচসিআরের হিসাবে গত ১২ দিনে ৮৭ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে।

গত কয়েক দিন ধরে উখিয়ার কুতুপালং থেকে শুরু করে থাইংখালী পর্যন্ত পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে পাহাড়ে পাহাড়ে বাঁশ আর পলিথিনের অসংখ্য ঝুপড়ি গড়ে তুলেছে তারা। রোহিঙ্গাদের নতুন বসতি দেখা গেছে টেকনাফ সীমান্তবর্তী হোয়াইক্যং ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন এলাকাতেও।
রোহিঙ্গা সংকট নিয়ে মিয়ানমারের ওপর বাড়ছে আন্তর্জাতিক চাপও। দেশটির ওপর কূটনৈতিক চাপ বাড়ানোর চেষ্টা করছে ইন্দোনেশিয়া ও তুরস্ক। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সরকারের ভূমিকার সমালোচনার মিছিলে যোগ দিয়েছেন নোবেল বিজয়ী মালালা ইউসুফজাইসহ আরো অনেকে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মঙ্গলবার মিয়ানমার সফরে যাচ্ছেন।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ