spot_img

প্রবাসী শ্রমিকদের পাসপোর্ট ফি কমানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।। 

প্রবাসী শ্রমিক তথা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য পাসপোর্ট ফি কমানো হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এ তথ্য জানিয়েছেন।

সোমবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান।

উপদেষ্টা বলেন, প্রবাসীরা আমাদের অর্থনীতির প্রাণ। তাই তাদের জন্য পাসপোর্ট ফি যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে।

তিনি আরও বলেন, প্রবাসীরা সাধারণত বাংলাদেশ বিমানে যাতায়াতের চেষ্টা করে। কারণ তাদের ভাষা বুঝতে সহজ হয় ও দেশি খাবার খেতে পারে। সেজন্য বিমানের সার্ভিসের মান আমরা বাড়ানোর চেষ্টা করছি।

জাহাঙ্গীর আলম বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দ্রুত ই-গেট চালু করা হবে। এ সপ্তাহের মধ্যেই তা চালুর চেষ্টা করা হচ্ছে। যাদের ই-পাসপোর্ট রয়েছে তারা ই-গেইট দিয়ে ঢুকতে পারবে।

তিনি আরও বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে বিদেশে অবস্থিত সকল বাংলাদেশ মিশনে ই-পাসপোর্ট কার্যক্রম চালু করা হবে।

শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এ বিষয়ে রোববার মন্ত্রিপরিষদ বিভাগে বৈঠক হয়েছে। সেখানে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি করে দেওয়া হয়েছে। তারা তদন্ত করে দুর্ঘটনার কারণ বের করবে। একই সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে।

নির্বাচন নিয়ে সংশয় বা চ্যালেঞ্জ রয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে কোনো সংশয় নেই, তবে চ্যালেঞ্জ রয়েছে। আর সেই চ্যালেঞ্জ মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও বলেন, তাছাড়া গত তিনটি জাতীয় নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছে তাদেরকে এ নির্বাচন থেকে যথাসম্ভব দূরে রাখার চেষ্টা করা হচ্ছে।

এসময় প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, আইজিপি বাহারুল আলম, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ