নবী হোসেন লাদেন : আজ ১ জানুয়ারি ২০২৫ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ মহানগরের কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় বর্ণাঢ্য র্যালি এবং সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়েছে। কৃষি বিশ্ববিদ্যালয়ের জামতলা মোড় থেকে র্যালিটি শুরু হয়ে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের সামনে এসে শেষ হয়। এতে মহানগরের বিভিন্ন স্তরের ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।
র্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠার লক্ষ্য ও আদর্শ তুলে ধরে তাদের বক্তব্য প্রদান করেন। তারা বলেন, “জাতীয়তাবাদী ছাত্রদল তার প্রতিষ্ঠার শুরু থেকেই শিক্ষার্থীদের অধিকার আদায়, গণতন্ত্র প্রতিষ্ঠা, এবং সমাজের বিভিন্ন অসঙ্গতির বিরুদ্ধে সাহসী ভূমিকা রেখে আসছে।” বক্তারা আরও বলেন, “শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ে ছাত্রদল সবসময় পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।”
অনুষ্ঠানটি আয়োজন করেন ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী সাদ আকন্দ সাব্বির। এবং পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ময়মনসিংহ মহানগর পূর্ব থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মেহেদী হাসান তপু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা। তারা সবাই একমত পোষণ করেন যে, ছাত্রদল সবসময় ছাত্রসমাজের ন্যায্য অধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার আন্দোলনে সোচ্চার থাকবে।
অনুষ্ঠানটি শিক্ষার্থীদের অধিকার আদায় এবং গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে শেষ হয়। এতে অংশগ্রহণকারীরা নতুন উদ্যমে সংগঠনের লক্ষ্য বাস্তবায়নের শপথ নেন।


























