spot_img

দেশের মানুষ মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান জানাবে-সেটাই আমরা চাই : প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।। 

স্বাধীনতা অর্জনে বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দলমত নির্বিশেষে তাদের সব সময় সর্বোচ্চ সম্মান দিতে হবে।

মঙ্গলবার (১৬ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘প্রধানমন্ত্রী ফেলোশিপ ২০২৪-২৫’ এর নির্বাচিত ফেলোদের অ্যাওয়ার্ড দেওয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার ডাকে বীর মুক্তিযোদ্ধারা তাদের জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। পরিবার, পরিজন, বাবা-মা সবার মায়া ত্যাগ করে শত্রুকে পরাজিত করে বিজয় নিশ্চিত করেছেন তারা। একটা সময় তারা অবহেলিত ছিলেন। তাদের অনেকে আমাদের দল করতে নাও পারেন, কিন্তু তাদের প্রতি যুগ যুগ ধরে এ দেশের মানুষ সম্মান জানাবে-সেটাই আমরা চাই।

তিনি বলেন, যে চেতনা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, সেটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর অনেক দূরে চলে যায়। বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিভিন্ন দূতাবাসে চাকরি দেন জিয়া। যুদ্ধাপরাধীদের মুক্ত করে মন্ত্রী-উপদেষ্টার মর্যাদা দেন তিনি। ক্ষমতা পায় যুদ্ধাপরাধীরা।

সরকারপ্রধান বলেন, বিজয়ী জাতি হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে আমরা চলব। জনগণ যেন সেবাটা পায়, সেটা নিশ্চিত করতে হবে। প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কেউ এ দেশে পিছিয়ে থাকবে না। সেদিকে আমরা নজর দিচ্ছি। তাদের প্রতি আমরা সহানুভূতিশীল।

তিনি বলেন, ২০২১ থেকে ২০৪১ সাল নির্দিষ্ট করেছি। ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ব। আমাদের জনশক্তি স্মার্ট জনশক্তি হবে। বিশ্বের যেকোনো দেশের সঙ্গে তাল মিলিয়ে চলবে। ৯টি ভাষা দিয়ে ফ্রি অ্যাপস চালু করে দিয়েছি, যেন ফ্রিল্যান্সাররা ভাষা শিখে কাজ করতে পারে। একটা গ্রামে বসে যেন তারা কাজ করতে পারে।

শেখ হাসিনা বলেন, আমাদের দেশের শিক্ষার্থীরা মেধাবী, তাদের দরকার শুধু সুযোগ। তাদের মেধা বিকাশের সেই সুযোগটাই করে দিতে চাই আমরা। আর সে কারণেই এই প্রধানমন্ত্রী ফেলোশিপ অ্যাওয়ার্ডটা আমরা চালু করেছি।

ফেলোদের উদ্দেশ্যে এসময় তিনি বলেন, অর্জিত জ্ঞান দেশের কাজে লাগাবেন। পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। জনগণ যেন সেবা পায় সেটা নিশ্চিত করবেন। ফিরে এসে দেশ ও মানুষের কল্যাণে কাজ করেবেন।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ