ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো ‘বাইডেনের উপদেষ্টা’ পরিচয়দানকারী মিয়ান আরফিকে আটক করেছে পুলিশ। রোববার (২৯ অক্টোবর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক তাকে আটক করা হয়। তিনি যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেয়া হয়েছে।
এর আগে শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় আরেফী নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নিজেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তার সঙ্গে বিএনপি নেতা ইশরাক হোসেন উপস্থিত ছিলেন।
জানা গেছে, আরাফির ডাক নাম বেল্লাল। তিনি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে থাকেন। তিনি একজন বাংলাদেশি আমেরিকান। তার জন্ম ও বেড়ে ওঠা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায়। ২০২৩ সালে এইবার নিয়ে দ্বিতীয়বার ঢাকায় আসেন আরাফি। এর আগেরবার ৫ মাস অবস্থান করেছেন। তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বৈতনাগরিক। বাংলাদেশি পাসপোর্ট নেই। শুধু মার্কিন পাসপোর্ট রয়েছে তার। তার সঙ্গে সার্বক্ষণিক ছিলেন বিতর্কিত সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কথিত উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরেফীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।
ডিবির এক কর্মকতা বলেন, তাকে বিমানবন্দর থেকে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। গতকালের ঘটনাসহ বিভিন্ন বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


























