রবিউল হাসান লায়ন , জামালপুর ,
জনতারআদালত.কম , ৩১ জুলাই, ২০১৭ ।

বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল বারিক হত্যা মামলার মূল দুই হোতাকে বাদ দিয়ে আদালতে সিআইডির চার্জশীট দাখিলে বাদীর পরিবারসহ মুক্তিযোদ্ধাদের মধ্যে হতাশা ও তীব্র ক্ষোভ বিরাজ করছে।
জানা যায়, গত বছর ১১ জুলাই জামালপুর রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে প্রকাশ্যে দিবালোকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জামালপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌর চন্দ্র মজুমদার, কনস্টেবল তপন বড়ুয়া, টিসি আনিস, আরএনবি’র এএসআই সোহরাবের নির্মম প্রহারের আঘাতে নিহত হন বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল বারিক।
ঘটনায় হতভম্ব হয়ে পড়ে গোটা জামালপুরবাসীসহ বীর মুক্তিযোদ্ধাগণ। তাদের আন্দোলনের মুখে অস্থির প্রশাসন কালবিলম্ব না করে তদন্ত কমিটি গঠনসহ নিহত মুক্তিযোদ্ধার পরিবার ও মুক্তিযোদ্ধাদের সাথে দফায় দফায় বৈঠক করে জনমনে ন্যায়বিচার নিশ্চিতের আশ্বাস প্রদান করে সকল মহলকে ধৈর্য্য ধারণ করতে বলে।
এ ঘটনায় নিহতের ছেলে শাহ্ মো. মিজানুর রহমান মুকুল বাদী হয়ে জামালপুর জিআরপি থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা নং- ১, তারিখ-১২.০৭.২০১৬ইং রেল জিআর ৫(২/১৬)। মামলায় জামালপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌর চন্দ্র মজুমদার, কনস্টেবল তপন বড়ুয়া, টিসি আনিস, আরএনবি’র এএসআই সোহরাবকে আসামী করা হলেও হত্যাকান্ডের ঘটনাটি জামালপুর রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে থাকা সিসিটিভি ফুটেজে স্পষ্ট ধরা পড়লেও অজ্ঞাত কারণে মামলার বাদী, সাক্ষীসহ কাউকে কোন জিজ্ঞাসাবাদ না করে মামলার প্রধান দুই আসামী জামালপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌর চন্দ্র মজুমদার ও আরএনবি’র এএসআই সোহরাবকে বাদ দিয়ে পক্ষাশ্রিত চার্জশীট দাখিল করেছে বলে জানায় বাদী ও তার পরিবার।
এদিকে মুক্তিযোদ্ধা হত্যাকারীদের বাঁচাতে সিআইডি ইন্সপেক্টর আনোয়ার নাছিম প্রশ্নবিদ্ধ তদন্ত প্রতিবেদনটিকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জামালপুর মুক্তিযোদ্ধা সংসদের সকল মুক্তিযোদ্ধাগণ। এ বিষয়ে মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুল ইসলাম খোকা সাংবাদিকদের কাছে তীব্র আন্দোলন গড়ে তোলার আভাসসহ মুক্তিযোদ্ধা হত্যার সাথে জড়িত প্রতিটি প্রকৃত খুনীদের বিচারে সকল প্রহসন নির্মূলের জোর দাবী জানান।
এ বিষয়ে হতাশ জামালপুরবাসী অনতিবিলম্বে দুর্বার গণ আন্দোলনের দিকে যাচ্ছে বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে। অপরদিকে জেলা শহরের বিভিন্ন এলাকায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল বারিক হত্যার সাথে জড়িত সকল হত্যাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী সম্বলিত পোষ্টার লাগানো হয়েছে। এ বিষয়ে জামালপুরবাসী এবং মুক্তিযোদ্ধা সংসদের উক্ত প্রতিবেদনটি চার্জশিটে আওতাভুক্ত করার জন্য উধ্বর্তন কর্মকর্তাদের কাছে দাবি জানান।


























