ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম , ২৮ জুলাই, ২০১৭ ।

পাক সুপ্রিম কোর্টের রায়ে প্রধানমন্ত্রী পদে থাকার বৈধতা হারালেন নওয়াজ শরিফ। পানামা পেপার্স তদন্তে নাম উঠেছিল তাঁর। আজ সে দেশের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না তিনি। সুপ্রিম কোর্টের নির্দেশ পাওয়ার পর প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন শরিফ।
তাঁর বিরুদ্ধে রুজু হওয়া মামলা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)-র কাছে পাঠাতেও নির্দেশ দিয়েছে পাক সর্বোচ্চ আদালত। পানামা গেট দুর্নীতি কেলেঙ্কারিতে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলার বিচারের জন্য সেটি দুর্নীতি দমন আদালতে পাঠিয়েছে শীর্ষ আদালত।
সর্বসম্মতির ভিত্তিতে দেওয়া রায়ে আদালত এও নির্দেশ দিয়েছে, শরিফের বিরুদ্ধে একটি মামলা রুজু করতে হবে,তাঁর ও তাঁর পরিবারের বিরুদ্ধে রেফারেন্স পাঠাতে হবে অ্যাকাউন্টেবিলিটি কোর্টে। ৬ সপ্তাহের মধ্যে পাক প্রধানমন্ত্রী বিরুদ্ধে মামলার নিষ্পত্তি করে ফেলতেও ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোকে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।
বিচারপতি আসিফ সইদ খোসার নেতৃত্বে সুপ্রিমকোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ সর্বসম্মতিক্রমে রায় ঘোষণা করেন। রায়ে বলা হয়েছে, পার্লামেন্ট এবং আদালতের প্রতি সৎ ছিলেন না প্রধানমন্ত্রী, তিনি দায়িত্ব পালনে অযোগ্য বিবেচিত হয়েছেন।
রায় ঘোষণার পরই শরিফ ইস্তফাও দিয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।


























