ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।
বরিশালে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলা ও পুলিশের উপর হামলার বিষয়টিকে ‘স্থানীয় ও বিচ্ছিন্ন ঘটনা’ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ রোববার (২২ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ‘বরিশালের ঘটনা একটি স্থানীয় ও বিচ্ছিন্ন ঘটনা। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এনিয়ে বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের বক্তব্য চটজলদি হয়েছে।’
এর আগে গত বুধবার রাতে উপজেলা পরিষদ চত্বরে শোক দিবসের ব্যানার খোলাকে কেন্দ্র করে ইউএনওর বাসভবনে হামলা হয়। এ সময় সিটি করপোরেশনের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর আনসার সদস্যদের গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। সংঘর্ষ হয় পুলিশের সঙ্গেও।
এতে মেয়র ও প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকনসহ ৩০ জন আহত হন, যদিও আওয়ামী লীগের দাবি, আহতের সংখ্যা ৭০।
এ ঘটনায় কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ও ইউএনও মুনিবুর রহমানের করা দুই মামলায় প্রধান আসামি করা হয়েছে মেয়রকে। মামলার মোট আসামি ৬০২ জন, তাদের মধ্যে এখন পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


























