ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।
গার্মেন্টসসহ সকল কলকারখানার শ্রমিকদের কর্মস্থলে ফেরার সুবিধার্থে রোববার (১ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে সকল ধরনের গণপরিবহন চলবে বলে জানিয়েছেন তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, শ্রমিকদের যাত্রাপথে ভোগান্তি দূর করতে গণপরিবহন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল রোববার দুপুর ১২টা পর্যন্ত দূরপাল্লার বাস চলবে। পরিস্থিতি বিবেচনায় এ সময় আরও বাড়ানো হতে পারে।
এদিকে শ্রমিকদের জন্য লঞ্চসহ যাত্রীবাহী সব নৌযানও চালু করা হয়েছে।শনিবার রাত ৮টার দিকে বিআইডব্লিউটি এর জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান জানান, এই মুহূর্ত থেকে আগামীকাল রোববার দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে যাত্রীবাহী লঞ্চ চলাচলের সিদ্ধান্ত হয়েছে। যেহেতু ১ আগস্ট থেকে শিল্পকারখানা চালু হচ্ছে। তাই শ্রমিকদের যাতায়াতের কথা বিবেচনা করে লঞ্চ চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে শুক্রবার গার্মেন্টসসহ শিল্পকারখানার মালিকদের অনুরোধে রোববার থেকে শিল্পকারখানা চালুর অনুমতি দেয় সরকার।এরপরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকার পথে রওনা হয়েছেন শ্রমিকেরা। গণপরিবহন বন্ধ থাকায় যে যেভাবে পারছে ঢাকায় ছুটছে।


























