spot_img

পরিকল্পনামন্ত্রীর ছিনতাই হয়ে যাওয়া আইফোন উদ্ধার ॥ গ্রেফতার ৫

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ছিনতাই হওয়া আইফোন উদ্ধার করেছে পুলিশ। এসময় ছিনতাইচক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের ধানমন্ডি থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে-মো: সগির, মো: সুমন মিয়া,  মো: জাকির,  মো: হামিদ আহম্মেদ সোহাগ ওরফে আরিফ ও  মো: জীবন।

এসময় তাদের কাছ থেকে ১টি মোটরসাইকেল, দুটি আইফোন, বিভিন্ন মডেলের ১০টি ফোন, ১টি ল্যাপটপ ও  মোবাইলের ভাঙ্গা বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

গ্রেফতার সম্পর্কে আজ ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: সাজ্জাদুর রহমান বলেন, গত ১৮ জুলাই থেকে ধারাবাহিক অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের আইফোনসহ একাধিক মোবাইল।

মন্ত্রীর মোবাইল উদ্ধার সম্পর্কে পুলিশের এই কর্মকর্তা বলেন, গত ১২ জুলাই সন্ধ্যা ৬টায় ধানমন্ডি সাত মসজিদ রোডে এনসিসি ব্যাংকের সামনে থেকে নুসরাত জাহান নামে এক নারীর ভ্যানিটি ব্যাগ দুইজন ছিনতাইকারী মোটরসাইকেল যোগে নিয়ে যায়। যার মধ্যে তার ব্যবহৃত একটি আইফোন ছিলো। এ ঘটনায় তার অভিযোগের প্রেক্ষিতে ধানমন্ডি থানায় একটি মামলা হয়। এই মামলাটি তদন্ত করতে গিয়ে থানা পুলিশ প্রথমে সগির ও সুমন নামের দুইজনকে তাদের ব্যবহৃত মোটরসাইকেলসহ গ্রেফতার করে। এই  মোটরসাইকেল দিয়ে তারা মূলত ছিনতাইয়ের কাজ করে থাকে। তাদের দেয়া তথ্য অনুযায়ী গ্রেফতার করা হয় জাকিরকে যে ওই নারীর আইফোনটি কিনেছিলো। পরে জাকিরের দেয়া তথ্য অনুযায়ী গ্রেফতার করা হয় টেকনোলজি এক্সপার্ট আরিফকে। এই আরিফের কাছ থেকে উদ্ধার করা হয় পরিকল্পনামন্ত্রীর  মোবাইল। আরিফ মূলত বিভিন্ন সফটওয়ার ব্যবহার করে আইফোনসহ বিভিন্ন স্মার্টফোন আনলক ও আইএমইআই পরিবর্তন করে থাকে। পরবর্তী সময়ে অন্য পক্ষের মাধ্যমে তা বিক্রি করে দেয়। কিন্তু আরিফ মন্ত্রীর আইফোন আনলক করার পর তার ছবি দেখে সেটা বিক্রি না করে তার কাছে রেখে  দেয়।

পুলিশ আরিফের কাছ থেকে আইএমইআই পরিবর্তনে ব্যবহৃত ল্যাপটপ, ১০টি বিভিন্ন মডেলের স্মার্টফোন ও একাধিক  মোবাইলের ভাঙ্গা অংশ উদ্ধার করে। আরিফের ল্যাপটপে থাকা বিভিন্ন তথ্য উপাত্ত যাচাই বাছাই ও ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে আদাবর এলাকা থেকে জীবন নামের একজনকে গ্রেফতার করে যার কাছ থেকে উদ্ধার করা হয় বাদী নুসরাত জাহানের ছিনতাই হওয়া আইফোন।

উল্লেখ্য, গত ২১ মে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান নিজ দপ্তর থেকে বেইলি রোডের বাসায় ফেরার পথে বিজয় সরণি ট্রাফিক সিগন্যালে সন্ধ্যা সাতটার দিকে গাড়ির জানালা খুলে মোবাইল ফোনে কথা বলার সময় এক ছিনতাইকারী মন্ত্রীর মোবাইল নিয়ে পালিয়ে যায়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ