ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে তাঁদের মৃত্যু হয়।
মৃতদের মধ্যে ৫ জন ছিলেন করোনা আক্রান্ত, বাকি ১২ জনের ছিল করোনার উপসর্গ আর ২ জন নেগেটিভ হয়েও মারা গেছেন।
হাসপাতালে মৃতদের মধ্যে রাজশাহীর ৬ জন, পাবনার ৬ জন চাঁপাইনবাবগঞ্জের ৩ জন, নাটোরের ২ ও নওগাঁর ২ জন বাসিন্দা রয়েছেন। বুধবার (১৪ জুলাই) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়।
করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে রোগীদের ভর্তি ও সংক্রমণের বিষয়ে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৫৬ জন। বর্তমানে রামেক হাসপাতালে ৪৫৪টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৫০৭ জন।
এই নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এ নিয়ে চলতি মাসে ২৬৭ জনের মৃত্যু হলো। গত জুনে মারা গেছেন ৪০৫ জন।


























