spot_img

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ২২০ জনের মৃত্যু, সর্বোচ্চ শনাক্ত ১৩৭৬৮

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ২২০ জন মারা গেছেন। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৬ হাজার ৬৩৯ জনে।

এই সময়ে ১৩ হাজার ৭৬৮ জন রোগী শনাক্ত হয়েছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ শনাক্ত। এর আগে গতকাল দেশে সর্বোচ্চ শনাক্ত ছিল ১১ হাজার ৮৭৪ জন। গতকাল ১১ জুলাই সর্বোচ্চ ২৩০ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ হাজার ২০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৮১ হাজার ৫২১ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৬২৭টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৩০টি, জিন এক্সপার্ট ৫০টি, র‌্যাপিড অ্যান্টিজেন ৪৪৭টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৪৬ হাজার ৪৫টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৪ হাজার ৬৭টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৭০ লাখ ১৫ হাজার ২৩৪টি।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২২০ জনের মধ্যে এগারো থেকে ২০ বছর বয়সী ১ জন, একুশ থেকে ত্রিশ বয়সী নয়জন, ত্রিশোর্ধ্ব ১৭ জন, চল্লিশোর্ধ্ব ২৬ জন, পঞ্চাশোর্ধ্ব ৪৬ জন এবং ষাটোর্ধ্ব ১২১ জন রয়েছেন।

বিভাগওয়ারী হিসাবে ঢাকা বিভাগে ৬৪ জন, চট্টগ্রাম বিভাগে ৩৭ জন, রাজশাহী বিভাগে ২৩ জন, খুলনা বিভাগে ৫৫ জন, বরিশাল বিভাগে চারজন, সিলেট বিভাগে ছয়জন, রংপুর বিভাগে ১৮ জন ও ময়মনসিংহ বিভাগে ১৩ জন।

এর আগে, দেশে গত ৯ জুলাই ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২১২ জনের মৃত্যু হয়েছিল। এরপর ১০ জুলাই ১৮৫ জন, ১ জুলাই ১৪৩ জন, ২ জুলাই ১৩২ জন, ৩ জুলাই ১৩৪ জন, ৪ জুলাই ১৫৩ জন, ৫ জুলাই ১৬৪ জন, ৬ জুলাই ১৬৩ জন এবং ৭ জুলাই ২০১ জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ