ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।
হৃদরোগে আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে থাকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আইনজীবী জেয়াদ আল মালুম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ (২৭ জুন) রাত পৌনে একটায় সিএমএইচে তার লাইফ সাপর্ট খুলে ফেলা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিনিয়র কনসালটেন্ট মেহেদী মাসুদ এই তথ্য নিশ্চিত করেছেন।
মৃত্যুকালে জেয়াদ আল মালুমের বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। গত ২৫ মে রাতে হঠাৎ অসুস্থ (স্ট্রোক) হয়ে পড়ার পর শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয় সুপ্রিম কোর্টের এই আইনজীবীকে। শারীরিক অবস্থার আরও অবনতি হলে গত ২ জুন তাকে সিএমএইচে স্থানান্তর করা হয়।
প্রসঙ্গত, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের বিচারের জন্য সরকার গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের শুরু থেকেই প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন জেয়াদ আল মালুম। তিনি স্বাধীনতা যুদ্ধেও রণাঙ্গণের যোদ্ধা ছিলেন।
মরহুম জেয়াদ আল মালুমের মৃত্যুতে ‘জনতার আদালত’ পরিবার গভীর শোক প্রকাশ করছে এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করছে।


























