ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।
করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় ১৫ই জুলাই পর্যন্ত চলমান বিধিনিষেধ বাড়ানো হয়েছে। আজ বুধবার (১৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আগের ঘোষণা অনুযায়ী চলমান বিধিনিষেধ আজ মধ্যরাতে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ফের ঊর্ধ্বগতি হওয়ায় এবং ভারতের ডেল্টা ধরন ছড়িয়ে পড়ায় এই বিধিনিধেষ বাড়ানো প্রস্তাব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপরিবহণ চলবে আগের মতোই। তবে পর্যটন কেন্দ্র, সামাজিক অনুষ্ঠান ও সভা-সমাবেশ বন্ধ থাকবে।
চলতি বছর করোনা সংক্রমণ বাড়ায় গত ৫ এপ্রিল থেকে লকডাউন ঘোষণা করা হয়। ১৩ এপ্রিল পর্যন্ত ঢিলেঢালা লকডাউন হলেও সংক্রমণ আরও বেড়ে যাওয়ায় ১৪ এপ্রিল থেকে ‘কঠোর লকডাউন’ ঘোষণা করে সরকার। পরে সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন চলাচলের অনুমতি দেওয়া হয়। তবে দূরপাল্লার বাস, লঞ্চ ও ট্রেন চলাচল ঈদ পর্যন্ত বন্ধ ছিল। পরে ২৪ মে থেকে গণপরিবহন চলার অনুমতি দেওয়া হয়।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা সংক্রমণ শুরু হলে ১৮ মার্চ থেকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। আর ২৬ মার্চ থেকে টানা ৬৬ দিন অফিস বন্ধ থাকে। আগামী ৩০ জুন পযর্ন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ঘোষণা করা আছে।


























