ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সারা দেশে বিস্তার লাভ করেছে এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এসবের প্রভাবে আগামী কয়েকদিন দেশের প্রায় সব এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এ ছাড়া সাগরে তিন নম্বর সতর্কতা সংকেত জারি করার সম্ভাবনা রয়েছে।
গতকাল শুক্রবার ছিল জ্যৈষ্ঠ মাসের ২৮ তারিখ। এদিন নেত্রকোনায় দেশের সর্বোচ্চ ৯৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এসময় ঢাকায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ৪৮ মিলিমিটার। দেশের সব বিভাগে হালকা থেকে মাঝারি বর্ষণও অব্যাহত রয়েছে।
এক পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া আবহাওয়ার সিনপটিক অবস্থা নিয়ে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বায়ু বাংলাদেশে বিস্তার লাভ করছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যান্য স্থানে মাঝারি অবস্থায় বিরাজ করছে।
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ রাজশাহী, খুলনা, বরিশাল ও, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশর কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


























