spot_img

জামালপুরের ইসলামপুরে বন্যাদুর্গতরা সরকারের ত্রাণ পাচ্ছে না : নজরুল ইসলাম খান

রবিউল হাসান লায়ন , জামালপুর,

জনতারআদালত.কম , ২০ জুলাই, ২০১৭ ।

 

জামালপুরের ইসলামপুরে ত্রাণ বিতরণ কালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সরকারের ত্রাণ তৎপরতার সমালোচনা করে বলেছেন, বন্যাদুর্গত মানুষদের সাহায্য করা সরকারের নৈতিক দায়িত্ব। এ জন্য সরকারের একটা বাজেটও বরাদ্দ থাকে। তাছাড়া বিভিন্ন ব্যাংক, বড় বড় প্রতিষ্ঠান ও ব্যবসায়ীরা সরকারের কাছে কোটি কোটি টাকার ত্রাণ দেওয়ার জন্য জমা দেয়।

পত্র-পত্রিকা খুললে দেখা যায় সরকারের ত্রাণ ভান্ডারে ত্রাণের কোনো অভাব নেই। কিন্তু দুঃখের বিষয় আমরা দেখছি যে বন্যাদুর্গতরা তা পাচ্ছে না। জামালপুরের ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের গুঠাইল বাজার এলাকায় জেলা বিএনপি ও উপজেলা বিএনপির নেতা-কর্মীদের সাথে নিয়ে বন্যাদুর্গতদের মাঝে বিএনপির পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় এই জ্যেষ্ঠ নেতা।

বিএনপির পক্ষ থেকে বেলগাছা, চিনাডুলী ও নোয়ারপাড়া ইউনিয়নের প্রায় ৮০০ বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে শাড়ি, লুঙ্গি, চিড়া ও গুড় বিতরণ করা হয়। নজরুল ইসলাম খান বলেন, বন্যায় হাজার হাজার মানুষের ঘরবাড়ি বিলীন হয়ে গেলেও সরকার তা পুনর্বাসনের কোনো ব্যবস্থা করছে না। রাষ্ট্রীয় ক্ষমতায় না থাকায় আমাদের দেওয়ার মত সামর্থ্য কম। এরপরও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে আমরা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। যতটুকু সম্ভব আপনাদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দিবো। ভবিষ্যতেও আপনাদের পাশে থাকবো।

তিনি আওয়ামী লীগ সরকারের আরও সমালোচনা করে বলেন, ভোট ছাড়া সরকার হওয়ায় জনগণের প্রতি তাদের কোনো দায়িত্ব নেই। এ সরকার আমাদের হাজার হাজার নেতা-কর্মীদের খুন করেছে, গুম করেছে ও মিথ্যা মামলা দিয়ে বাড়িঘর ছাড়া করেছে। সরকার জানেন সহায়ক সরকারের অধীনে নির্বাচন দিলে তারা ক্ষমতায় আসতে পারবে না। এ কারণেই তারা বার বার ক্ষমতায় থেকে নির্বাচনের কথা বলে আসছে।

ত্রাণ বিতরণের সময় বিএনপির জাতীয় কার্যনির্বাহী পরিষদের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স, সহসাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুলসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপি নেতা নজরুল ইসলাম খান সকালে ঢাকা থেকে জামালপুরে পৌঁছলে শহরের দয়াময়ী মোড়ে জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন নেতা-কর্মীদের সাথে নিয়ে তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ