ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৭ নভেম্বর, ২০১৭ ।

সংকটে থাকা ফারমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম শামীমকে অপসারণে নোটিশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার রাতে বাংলাদেশ ব্যাংক থেকে ফারমার্স ব্যাংকের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। ব্যাংক কোম্পানি আইনের ৪৬ ধারা অনুযায়ী দেওয়া ওই চিঠিতে আগামী সাত দিনের মধ্যে এমডিকে কেন অপসারণ করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
অপসারণের নোটিশে দু’টি কারণের কথা বলা হয়েছে। প্রথমত, ওই ব্যাংকে তারল্য ব্যবস্থাপনা করতে এমডি ব্যর্থ হয়েছেন। এ কারণে নগদ জমা বা সিআরআরের এবং সংবিধিবদ্ধ জমা বা এসএলআরের অর্থ রাখতে ব্যর্থ হয়েছে।
দ্বিতীয়ত, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা না মেনে ব্যাংকটি ঋণ বিতরণ করেই চলছে। এ কারণেই তাকে এ নোটিশ দেয়া হয়েছে। সাত দিনের মধ্যে এ নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, নিয়মের বেশি ঋণ দিয়েছে সাবেক মন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের মালিকানাধীন ফারমার্স ব্যাংক। এসব ঋণ এখন আদায়ও হচ্ছে না। এতে ব্যাংকটিতে বড় ধরনের তারল্য সঙ্কট তৈরি হয়েছে।


























