spot_img

গাজীপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামীর ফাঁসি

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৩ নভেম্বর, ২০১৭ ।

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর আগুনে পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় মো. আয়নাল হক (৩৫) নামে এক ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার সকালে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক এ রায় দেন।রায়ে একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া অপর একটি ধারায় আসামিকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ডসহ পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।আসামি মো. আয়নাল হক (৩৫) গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইল পশ্চিমপাড়া এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে।

রাষ্ট্রপক্ষে মো. হারিছ উদ্দিন আহম্মদ এবং আসামিপক্ষে অ্যাডভোকেট আব্দুস সোবহান, জেবুন্নেসা মিনা ও মোহাম্মদ আলী তারেক বুলবুল মামলা পরিচালনা করেন।

গাজীপুর আদালতের পিপি হারিছ উদ্দিন আহম্মদ মামলার নথির বরাতে বলেন, ২০১৫ সালের ১০ জানুয়ারি রাতে আনোয়ারা বেগম পুড়ে মারা যান বলে খবর আসে। স্থানীয় কোনাবাড়ি পুলিশ ক্যাম্পের সাবেক এসআই মো. রফিকুল ইসলাম মোবাইল ফোনে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যান। তিনি আনোয়ারার স্বামী আয়নাল ও আনোয়ারার ভাই আমজাদ হোসেন আঞ্জুকে জিজ্ঞাসাবাদ করে তাদের কথাবার্তায় গড়মিল পেয়ে দুইজনকেই আটক করেন।

পিপি হারিছ বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় এসআই রফিকুল বাদী হয়ে আনোয়ারা স্বামী ও ভাই দুইজনের বিরুদ্ধেই মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ভাই আঞ্জু ভগ্নিপতি আয়নালকে লোভ দেখিয়ে দুইজন যোগসাজশে আনোয়ারাকে গলা টিপে হত্যা করেন। পরে ঘটনা ভিন্ন খাতে নেওয়ার জন্য গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন তারা।
২০১৭ সালের ১৫ অক্টোবর আয়নাল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। নয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে বৃহস্পতিবার সকালে আদালত ওই রায় দেন। মামলায় রাষ্ট্রপক্ষে মো. হারিছ উদ্দিন আহম্মদ ও আসামিপক্ষে আইনজীবী আব্দুস সোবহান, জেবুন্নেসা মিনা ও মোহাম্মদ আলী তারেক বুলবুল মামলা পরিচালনা করেন।

 

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ