ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৫ নভেম্বর, ২০১৭ ।

ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলের একটি বিদ্যালয় এবং অন্য কয়েকটি স্থানে মঙ্গলবার এক বন্দুকধারীর বেপরোয়া গুলিতে কমপক্ষে চারজন নিহত ও প্রায় ১২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুই শিশু রয়েছে। খবর এএফপি’র।
তেহামা কাউন্টির সহকারি শেরিফ ফিল জনস্টন সাংবাদিকদের বলেন, উন্মত্তের মতো গুলি চালানোর পর হামলাকারীও পুলিশের গুলিতে নিহত হয়।
স্থানীয় সময় সকাল ৮টার দিকে রানকো তেহামা রিজার্ভ এলাকার একটি বাড়িতে প্রথমে গুলি চালানো হয়। এরপর হামলাকারী একটি প্রাথমিক বিদ্যালয়সহ ওই এলাকার আরো কয়েকটি স্থানে অব্যাহতভাবে বেপরোয়া গুলি চালায়।
তিনি জানান, গুলির ঘটনায় কোন শিশু নিহত হয়নি এবং হামলার উদ্দেশ্য জানা যায়নি। তবে এ হামলার পেছনে পারিবারিক বিরোধ এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক ভালো না থাকার কারণ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তিনি জানান, হামলায় বিদ্যালয়ের এক শিশু শিক্ষার্থী আহত হয়। এছাড়া মায়ের সাথে গাড়িতে উঠার সময় গুলিতে আরেক শিশু মারাত্মকভাবে আহত হয়েছে।


























