ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১২ নভেম্বর, ২০১৭ ।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নবগঠিত নৌপুলিশকে একটি আধুনিক যুগোপযোগী ও শক্তিশালী ইউনিট হিসেবে গড়ে তোলা হবে। এ জন্য সরকার প্রয়োজনীয় জনবল, সরঞ্জামাদি ও অবকাঠামোগত উন্নয়নে সহায়তা করবে।
তিনি বলেন, ২০১৪ সালে কার্যক্রম শুরুর পর সরকার অনেক সীমাবদ্ধতার মধ্যেও নদী পথের বিভিন্ন অপরাধ দমনের পাশাপাশি লঞ্চ, স্টিমার, নৌকা, ট্রলার, অবৈধ বাল্কহেড চলাচলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে দুর্র্ঘটনার হার অনেক হ্রাস করতে সক্ষম হয়েছে।
তিনি আজ রাজধানীর মিরপুর-১৪ নম্বরস্থ পুলিশ স্টাফ কলেজ কনভেনশন হলে নৌপুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নৌ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) শেখ মুহম্মদ মারুফ হাসান।এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দিন ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক। এ ছাড়া বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ সমিতির চেয়ারম্যান মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম অনুষ্ঠানে বক্তৃতা করেন।
এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) মো. বেনজীর আহমেদ, কোস্ট গার্ডের ঢাকা জোনের কমান্ডার এটিএম রেজাউল হাসান, ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ, নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং পুলিশ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা, উন্নয়ন, জননিরাপত্তা তথা সার্বিক কল্যাণ সাধনে যুগোপযোগী পুলিশ বাহিনীর বিকল্প নেই। বর্তমান গণতান্ত্রিক সরকার নৌ পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে নতুন প্রযুক্তি, প্রশিক্ষণ, জনবল বৃদ্ধিসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করেছে, যার সুফল ইতোমধ্যে দেশের জনগণ পেতে শুরু করেছে।
জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দিন বলেন, নদীমাতৃক এ দেশে নৌপুলিশের বেশ গুরুত্ব রয়েছে। দেশের ৪ থেকে ৬ হাজার কিলোমিটার নৌপথে অপরাধ দমন, দুর্ঘটনা প্রতিরোধ, পণ্য পরিবহণে নৌপুলিশকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
আইজিপি এ কে এম শহীদুল হক বলেন, প্রধানমন্ত্রীর একান্ত প্রচেষ্টায় বিশেষায়িত ইউনিট হিসেবে নৌপুলিশ গঠিত হয়েছে। নৌপথ সংশ্লিষ্ট সকল সংস্থার সাথে সমন্বয় করে নৌপুলিশকে দায়িত্ব পালন করতে হবে। জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে নৌপুলিশকে জনগণের কাছে গ্রহণযোগ্য করে তুলতে হবে।
তিনি পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে নৌপথের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ ও দুর্ঘটনা মোকাবেলার আহ্বান জানান।
তিনি বলেন, জাটকা নিধনরোধ ও মা ইলিশ সংরক্ষণে নৌপুলিশের কার্যক্রম আরও বাড়াতে হবে।
অনুষ্ঠানে জাটকা নিধন বন্ধে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য নৌপুলিশের কৃতি সদস্যদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। পরে অতিথিরা প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।
উল্লেখ্য,২০১৩ সালের ১২ নভেম্বর নৌপুলিশ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি ঈদ, পূজা, বিশ্ব ইজতেমা, পূণ্য¯œান, নৌকাবাইচ, ওরস শরীফ ইত্যাদি উৎসব অনুষ্ঠানে নৌপথে নিরাপত্তা দিয়ে আসছে নৌপুলিশ।
নৌপুলিশের তৎপরতার কারণে দেশে ইলিশ ও মৎস্য উৎপাদন উল্লেখযোগ্য পরিমাণ বেড়েছে।
মৎস্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী ২০১২-২০১৩ বছরে ইলিশ উৎপাদনের পরিমাণ ছিল ৩ লাখ ৫১ হাজার ২২৩ মেট্রিক টন। ২০১৫-২০১৬ বছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৯৫ হাজার মেট্রিক টন।


























