spot_img

হাসিনা-মোদি ভিডিও কনফারেন্সে বন্ধন এক্সপ্রেস উদ্বোধন করলেন [ ভিডিও ]

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ৯ নভেম্বর, ২০১৭ ।

 

ভিডিও কনফারেন্সে ‘মৈত্রী’ ও ‘বন্ধন’ এক্সপ্রেসের ইমিগ্রেশন ও কাস্টমস সুবিধা এবং ভৈরব ও তিতাস ব্রিজ যৌথভবে উদ্বোধন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এসময় ভিডিও কনফারেন্সে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার সকাল ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করা হয়।

https://www.youtube.com/watch?v=BZDbmTz2vhg

উদ্বোধনের শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বন্ধন শুধু দুই দেশের রেলের নয়, দুই দেশের জনগণের মধ্যে বন্ধন সৃষ্টি করে সার্বিক উন্নয়নের দিকে এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। এতে দুই দেশের জনগণই লাভবান হবে।’

বাংলাদেশে আসার জন্য নরেন্দ্র মোদি ও মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানান শেখ হাসিনা। এ সময় ভিডিও কনফারেন্সে থাকা মমতার উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘দিদি, ইলিশ মাছ আছে। আসেন, খাওয়াব।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দেশের মানুষকে অভিনন্দন জানান। এ সময় তিনি বাংলায় বলেন, ‘আমাদের মৈত্রী ও বন্ধন আরও সুদৃঢ় হলো।’

নরেন্দ্র মোদী প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে মানুষে মানুষে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর নেতাদের সঙ্গে নিয়মিত সাক্ষাৎ ও আলাপ আলোচনার ওপর জোর দেন।

দিল্লিতে মোদীর সঙ্গে অনুষ্ঠানে ছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। আর ঢাকায় শেখ হাসিনার সঙ্গে ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

আগামী ১৬ নভেম্বর থেকে নিয়মিত শিডিউলে ট্রেনটি চলাচল করবে। এতে আসন সংখ্যা ১৫৬টি। শীতাতপ নিয়ন্ত্রিত বার্থের ভাড়া হবে এক হাজার ৫০০ টাকা। শীতাতপ নিয়ন্ত্রিত আসনের ভাড়া এক হাজার টাকা। বাংলাদেশ সময় দুপুর ১টা ১৫ মিনিটে বন্ধন এক্সপ্রেস খুলনা থেকে কলকাতার উদ্দেশে যাত্রা করবে। যশোরের বেনাপোল অতিক্রম করবে দুপুর ২টা ৫৫ মিনিটে। কলকাতায় পৌঁছবে ভারত সময় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে। কলকাতা থেকে ভারত সময় সকাল ৭টা ১০ মিনিটে যাত্রা করে খুলনায় পৌঁছাবে বাংলাদেশ সময় দুপুর ১২টা ৫ মিনিটে।

বন্ধন এক্সপ্রেস চালুর মধ্য দিয়ে দীর্ঘ ৫২ বছর পর খুলনা ও কলকাতার মধ্যে আবার চালু হলো যাত্রীবাহী ট্রেন। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পর এই ট্রেনটি বন্ধ হয়ে যায়। গত ৮ এপ্রিল পরীক্ষামূলকভাবে এই যাত্রীবাহী ট্রেনটি কলকাতা-খুলনা রেলপথে চালানো হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ