ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ৩ নভেম্বর, ২০১৭ ।

মানিকগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি বাসে ডাকাতিকালে ২৮ জনকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় সংঘটিত বন্দুকযুদ্ধে ওসিসহ কমপক্ষে চার পুলিশ সদস্য আহত হয়েছেন।
আটককৃতরা হলেন- বশির, আবু সাইদ, স্বপন মল্লিক, আলামীন, মেহেদী হাসান, হাবিবুর রহমান, শহিদুজ্জামান, সানাউল্লাহ বারী, শফিকুল ইসলাম, কাশেম, মোকসেদ, জাহিদুল ইসলাম, এনামুর রহমান, শাহ আলম, রুহুল আমীন, মামনু, রহিদ, কায়সার, মহসিন, কামরুল, ইকবাল, সোরহাব, রফিকুল ইসলাম, বাবুল, বাহারুল, জাকির ও সোপন মিয়া।
জিম্মি দশা থেকে মুক্তি পাওয়া পোশাক কারখানার কর্মকর্তা সামিউল জানান, ধামরাইয়ের কালামপুর স্ট্যান্ডে দীর্ঘক্ষণ বাসের অপেক্ষায় দাড়িয়ে ছিলেন তিনি। এ সময় একটি লোকাল বাস আসে। ভেতরে অনেক যাত্রী দেখে বাসে উঠে বসেন তিনি।
ডুলিভিটা বাসস্ট্যান্ড পার হলেই যাত্রীদের মধ্যে থেকে কয়েকজন উঠে এসে দেশি অস্ত্র ও পিস্তল ঠেকিয়ে সব কিছু দিয়ে দিতে বলেন।
এ সময় প্রাণ বাঁচাতে সব কিছু তাদের দিয়ে দেওয়া হয়। পরে হাত-পা বেঁধে তাকে গাড়ির পেছনে ফেলে রাখে ডাকাতেরা। এ সময় বাসের পেছনের সিটে হাত-পা বাধা অবস্থায় আরও চারজন ছিলেন বলেও জানান সামিউল।
ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) খোরশেদ আলম বলেন, “মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বাসে যাত্রীবেশে ২৮ জন ডাকাত অবস্থান করছে এবং তারা যাত্রীদের সর্বস্ব কেড়ে নেওয়ার পরিকল্পনা করছে বলে আমরা খবর পাই।” পরে আশুলিয়া থানা পুলিশের একাধিক টিম নবীনগরে অবস্থান নিয়ে বাসটিকে গতিরোধের জন্য সঙ্কেত দিলে ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে ডাকাতদের চারদিক থেকে ঘিরে ফেলে। পরে বাস থেকে ২৮ জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়।
বাসে তল্লাশি করে একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।
ডাকাতদের হামলায় আশুলিয়া থানার ওসি আবদুল আউয়াল ও পরিদর্শক জাহিদুল ইসলামসহ চার পুলিশ আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


























