মাহমুদুল হাসান রতন, ময়মনসিংহ , জনতারআদালত.কম । ১ নভেম্বর, ২০১৭ ।

ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক শেখ শাহ আলম মাসুমকে ফোন করে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৩১ অক্টোবর ২০১৭ খ্রি:) রাতে নগরীর জয়নুল আবেদীন পার্কের সারিন্দা ক্যাফের সামনে এ ঘটনা ঘটায় দুর্বৃত্তরা।
গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়। মাসুমের অবস্থার অবনতি হলে সঙ্গে সঙ্গে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দেন। তিনি শহরের ধোপাখোলা মোড় এলাকার তোতা মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে দুই নং পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে জয়নুল আবেদীন পার্কের এক নম্বর ফটকের সামনে মাসুম নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরন করা হয়।
মহানগর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মোফাখখর হোসেন খোকন আহত মাসুমের বরাত দিয়ে জানান, রাসেল পাঠান তাকে ফোনে ডেকে নিয়ে গেলে সে ও রাজীবের সাথে তার কথা হয়। কথা শেষে মাসুম মোটর সাইকেল যোগে চলে আসার সময় পিছন থেকে ধারালো অস্ত্রের আঘাতে মাসুমের ডান হাতের কব্জি প্রায় দ্বিখন্ডিত হয়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।
কতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, এব্যাপারে থানায় এখনো কোন মামলা হয়নি।


























