কক্সবাজার প্রতিনিধি , জনতারআদালত.কম । ২৮ অক্টোবর, ২০১৭ ।

কক্সবাজারের বালুখালী রোহিঙ্গা বস্তিতে ডাকাতিকালে দুটি অস্ত্রসহ পাঁচজনকে আটক করেছে ক্যাম্পবাসী রোহিঙ্গারা। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে বালুখালী ক্যাম্পের ভেতর এ ঘটনা ঘটে।
আটককৃতদের মধ্যে দুজন রোহিঙ্গা হলেন ইলিয়াস (২৫) ও নূর বসর (২৬)
প্রত্যক্ষদর্শীরা জানান, রোহিঙ্গা শিবিরে নলকূপ স্থাপন করা নিয়ে রোহিঙ্গাদের সাথে স্থানীয়দের বিরোধ সৃষ্টি হয়। শুক্রবার রাতে রোহিঙ্গারা ডাকাত পড়েছে বলে রোহিঙ্গা শিবিরের মাইকে মাইকিং করে সংঘবদ্ধভাবে স্থানীয়দের উপর হামলা চালায়। খবর পেয়ে উখিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৪ জন স্থানীয়কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানিয়েছেন, আহতদের শরীরের বিভিন্ন স্থানে কোপের চিহ্ন রয়েছে। তাদেরকে হাসপাতাল প্রেরণ করা হয়েছে। তবে এই ঘটনায় এখনো অন্তত ৫ জন স্থানীয় নিখোঁজ রয়েছে বলে স্থানীয়রা তাকে অভিযোগ করেছেন বলে তিনি জানান।
নিখোঁজ বাংলাদেশিদের উদ্ধারে পুলিশ তল্লাশি চালাচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা জানান, কোথা থেকে রোহিঙ্গাদের কাছে অস্ত্র এল, তাঁরা খতিয়ে দেখছেন। আটক রোহিঙ্গারা দুজনেই শিবিরে নতুন এসেছেন বলে তিনি জানান।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়েরের ভাষ্য, এ ঘটনায় রোহিঙ্গাদের বিরুদ্ধে অস্ত্র ও হামলার অভিযোগে মামলা করা হবে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে বলেও তিনি জানান।


























