নরসিংদী প্রতিনিধি , জনতারআদালত.কম । ২৮ অক্টোবর, ২০১৭ ।

মোবাইল চুরির অপবাদে নরসিংদীর শিবপুরে আজিজা বেগম (১২) কিশোরীর হাত বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার রাতে শিবপুরের খইনকুট গ্রামে এ ঘটনা ঘটে।নিহত আজিজা শিবপুরের বাঘাবো ইউনিয়নের খইনকুট গ্রামের আবদুর ছাত্তার মিয়ার মেয়ে এবং স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী।
মেয়েটির বাবা আবদুস সাত্তার জানান, কয়েকদিন আগে আজিজার চাচি বিউটি বেগমের একটি মোবাইল ফোন চুরি হয়। এ ঘটনায় তার চাচী আজিজাকে সন্দেহ করেন।
এর জের ধরে গতকাল শুক্রবার সন্ধ্যায় আজিজার হাত বেঁধে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় বিউটি বেগম। রাতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা যায় সে।
আবদুস সাত্তার ঢাকা মেডিকেলে সাংবাদিকদের বলেন, মৃত্যুর আগে আজিজা তাকে বলেছে, তার চাচির ভাইয়েরাই এ ঘটনা ঘটিয়েছে।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বলেন, কিছুদিন আগে বিউটি বেগমের মোবাইল ফোন হারিয়ে গেলে তিনি আজিজাকে সন্দেহ করেন এবং ‘পুড়িয়ে মারার হুমকি’ দেন বলে সাত্তারের অভিযোগ।
বাচ্চু মিয়া বলেন, তারা ইতোমধ্যে শিবপুর থানায় যোগাযোগ করেছেন। আজিজার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতারের মর্গে রাখা হয়েছে।


























